
চাঁদপুর প্রতিনিধি: অল্প বয়সেই অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে আলোচনায় এসেছেন চাঁদপুরের কিশোর গীতিকার অনিক। মাত্র ১৪ বছর বয়সে গান লেখা শুরু করে ইতোমধ্যেই অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা।
ছোটবেলা থেকেই গান শোনা ও গানের প্রতি গভীর ভালোবাসা থেকেই অনিকের গীতিকার হয়ে ওঠার যাত্রা শুরু। সেই আগ্রহই তাকে অনুপ্রাণিত করেছে একের পর এক গান লিখতে। এখন পর্যন্ত তার লেখা প্রায় ৩০টিরও বেশি গান প্রকাশ পেয়েছে, যেগুলো গেয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা।
অনিকের লেখা “শেষ দেখা” শিরোনামের গানটি ব্যাপক সাড়া ফেলেছে। গানটি ইতোমধ্যেই ৪০ মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করেছে। এছাড়া গানটির ডুয়েট ভার্সনও পেয়েছে দারুণ জনপ্রিয়তা, যা ১১ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।
নিজের কাজ প্রসঙ্গে অনিক জানান, “গত কয়েক মাস ধরে আমার লেখা নতুন কোনো গান প্রকাশ পায়নি। তবে ঈদের পরপরই আমার লেখা বেশ কিছু নতুন গান প্রকাশ পাবে।”
এত অল্প বয়সে এমন সাফল্য অর্জন করায় স্থানীয়দের মাঝেও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। সংগীতাঙ্গনে অনিকের এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের ইঙ্গিত দিচ্ছে।
Leave a Reply