
ভোলা প্রতিনিধি:
ভোলায় পৃথক তিনটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলো— ১৬ মাস বয়সী তাকরিম, ৪ বছরের আজমাইন ও ১৮ মাস বয়সী তাসফিয়া।
সোমবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
মৃতদের মধ্যে তাকরিম সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আকবর হোসেনের ছেলে, আজমাইন আলীনগর ইউনিয়নের মো. শাহাদাত হোসেনের ছেলে এবং তাসফিয়া ভেলুমিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. দুলাল মিয়ার মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে খেলতে গিয়ে তিন শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। একই দিনে পৃথক তিনটি শিশুমৃত্যুর ঘটনায় এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply