
মোঃ মেহেদী হাসান হৃদয় ||
ভোলার চরফ্যাশনে নানা কর্মসূচি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর সকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক সহসভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী এবং বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জোটনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে বেলা ১১টার দিকে চরফ্যাশন সদরের প্রধান প্রধান সড়কে বের করা হয় বর্ণাঢ্য র্যালি।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিএনপির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন।
পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ ও স্থানীয় জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।
Leave a Reply