
মোঃ মেহেদী হাসান হৃদয়,
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার থেকে খেজুরগাছিয়া পর্যটন কেন্দ্রগামী সড়কের একটি পুরোনো কালভার্ট ভেঙে যাওয়ায় চরম ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক এবং পর্যটকরা। দীর্ঘদিন ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালভার্টটির মাঝখানের একটি বড় অংশ ভেঙে পড়েছে। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়।
খেজুরগাছিয়া পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা এক পর্যটক বলেন, “আমরা অনেক দূর থেকে এখানে ঘুরতে এসেছি। পর্যটন কেন্দ্রটি যেমন সুন্দর, সেখানে যাওয়ার রাস্তার এই ভয়ংকর অবস্থা দেখে হতবাক হয়েছি। এত সুন্দর একটি স্থানে যাওয়ার রাস্তা যে এতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা কখনো কল্পনাও করিনি।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা অভিযোগ করে বলেন, “নির্বাচন সামনে এলেও কোনো প্রার্থীর নজরে এই কালভার্ট পড়েনি। প্রশাসনেরও কোনো উদ্যোগ চোখে পড়েনি। প্রতিদিন হাজার হাজার মানুষ ও পর্যটক এই সড়ক ব্যবহার করেন। যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে, তাহলে এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। এছাড়া রাস্তার এমন বেহাল অবস্থার কারণে ভবিষ্যতে পর্যটকের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আমাদের নিজেদেরও চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।”
যানবাহনের চালকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। কয়েকজন চালক বলেন, “রাতের বেলা গাড়ি চালানোর সময় হঠাৎ রাস্তার মাঝখানে ভাঙা কালভার্ট চোখে পড়লে গাড়ির নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে যায়। কখন যে বড় দুর্ঘটনা ঘটে, তা একমাত্র আল্লাহই জানেন।”
এলাকাবাসী দ্রুত কালভার্টটি সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, পর্যটন কেন্দ্রের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা না হলে জনদুর্ভোগের পাশাপাশি এলাকার পর্যটন শিল্পও ক্ষতিগ্রস্ত হতে পারে।
Leave a Reply