
নিজস্ব প্রতিবেদক:
ভোলার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ চরফ্যাশন উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় উঠে এসেছে চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজীর নাম।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দিপু ফরাজী জানান, দল যদি তাকে মনোনয়ন দেয় এবং তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষ পাশে থাকে, তবে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।
তিনি বলেন, “চরফ্যাশনের মানুষ আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখাচ্ছেন, তা আমার জন্য বড় অনুপ্রেরণা। দল যদি দায়িত্ব দেয়, তাহলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করব।”
দিপু ফরাজী আরও বলেন, চরফ্যাশনকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করাই তার লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি বিশেষ গুরুত্ব দিতে চান।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন তৃণমূল রাজনীতিতে সক্রিয় থাকার কারণে দিপু ফরাজী ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। তবে তিনি নিজেও জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তই তার জন্য চূড়ান্ত।
এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চরফ্যাশনে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। সাধারণ মানুষ এখন অপেক্ষা করছেন, শেষ পর্যন্ত কে কে নির্বাচনের মাঠে নামবেন এবং কার হাতে যাবে উপজেলার নেতৃত্ব।
Leave a Reply