
চরফ্যাশন প্রতিনিধি ||
ভোলার চরফ্যাশন উপজেলায় মায়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক ইটভাটা শ্রমিকের মরদেহ প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত আলমগীর (৩৫) শরিয়তপুর জেলার ঘোষাইরহাট উপজেলার কৈলছুরি পাতারচর এলাকার বাসিন্দা আবদুর রহমান খাঁর ছেলে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে চরফ্যাশনের শশীভূষণ থানার আওতাধীন এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর এলাকায় মেসার্স ফাহিম ব্রিকসের দক্ষিণ পাশে অবস্থিত মায়া নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। সহকর্মীদের সঙ্গে প্রতিদিনের মতো গোসল করতে নামলেও একপর্যায়ে তাকে আর দেখা যায়নি। পরে নদীর তীরে তার লুঙ্গি, ব্রাশ ও জুতা পড়ে থাকতে দেখে সন্দেহের সৃষ্টি হয়।
সহকর্মী মোশারফ হোসেন জানান, আলমগীর দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা উদ্ধার অভিযান শুরু করে। পরে বরিশাল থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালায়।
ফাহিম ব্রিকসের ম্যানেজার আব্বাস উদ্দিন জানান, সকাল সাড়ে সাতটা থেকে নিখোঁজ ছিলেন আলমগীর। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক সাজেদুর রহমান জানান, প্রায় ১০ ঘণ্টা পর ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply