
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
গত শুক্রবার (১৩/০৩/২০২৬) বিকাল অনুমান ০৪:১৫ ঘটিকায় জনৈক মোঃ বারেক বেপারীর মাধ্যমে নেছারাবাদ থানা পুলিশ সংবাদ পায় যে, সারেংকাঠি গ্রামের জনৈক মামুন মোল্লার ব্রিকস ফিল্ড এর দক্ষিণ পাশে সন্ধ্যা নদীর পূর্ব পাড়ে সুপারি বাগানের ভিতরে অজ্ঞাতনামা একজন লোক মাথাবিহীন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটনের নিমিত্তে পুলিশ সুপার, পিরোজপুর জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় সহকারি পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), নেছারাবাদ সার্কেল জনাব সাবিহা মেহেবুবা এর নেতৃত্বে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ সহ থানার একটি চৌকস দল ঘটনাস্থলে পৌছান। পিবিআই, র্যাব ও সিআইডি ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করে। মৃত ব্যক্তির পকেট থেকে যমুনা কোম্পানি সম্বলিত একটি লিফলেট পাওয়া যায়, উক্ত লিফলেট এর সূত্র ধরে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়। মৃত ব্যক্তির নাম শ্রী গোপাল চন্দ্র দাস (৪০), পিতা- শ্রী পরিমল চন্দ্র দাস, সাং-সান পাড়া, কাশিপুর, থানা- বরিশাল বিমানবন্দর, জেলা- বরিশাল।
পরবর্তীতে ইটভাটার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে নেছারাবাদ থানা পুলিশ বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে বরিশাল বন্দর থানা এলাকা থেকে শনিবার (১৪/০৩/২০২৬) দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় অত্র ঘটনার সাথে জড়িত আসামী ১। তারিকুল ইসলাম সম্রাট (২৮) পিতা-আমির হোসেন, মাতা-শিউলী বেগম, সাং-চহটা (কাশিপুর চৌমাথা, মোল্লা বাড়ী ৩০ নং ওয়ার্ড) থানা-বরিশাল বিমানবন্দর, জেলা-বরিশাল) কে গ্রেফতার করেন এবং নেছারাবাদ থানা পুলিশ ও র্যাব-৮ বরিশাল যৌথ অভিযান পরিচালনা করে একই তারিখ রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় অত্র ঘটনার সাথে জড়িত আসামী ২। আবেদীন মাঝি (রাজু), পিতা-বাবুল হোসেন মাঝি, সাং-দূর্গাপুর, থানা-পিরোজপুর, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করেন।
গ্রেফতাকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মাদক ও প্রেম ঘটিত বিষয় নিয়া দ্বন্ধের কারনে উক্ত হত্যাকান্ড ঘটায়। উক্ত বিষয় নেছারাবাদ থানায় একটি নিয়মিত মামলা নম্বর-১০, তারিখ-১৪/০৩/২০২৬খ্রি. ধারা-৩০২/২০১/৩৪ দন্ড বিধি রুজু করা হয়। উক্ত হত্যাকান্ডের সাথে অন্য কেহ জড়িত আছে কিনা সে ব্যাপারে অনুসন্ধান অব্যাহত আছে।