
চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন বেগম রহিমা ইসলাম কলেজের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর (শনিবার) একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬-এর আয়োজন করা হয়েছে।
কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।

কলেজ সূত্রে জানা গেছে, আগামী শনিবার সকাল ১০ ঘটিকায় কলেজ মাঠে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির প্রথম পর্বের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ অধ্যাপক রেজাউল করিম খন্দকার।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকালের দিকে অতিথিদের আগমন ও আসন গ্রহণের পর স্বাগত বক্তব্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য প্রদান করা হবে। এরপর প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য ও সভাপতির বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য এই নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল ও সার্থক করে তুলতে এবং অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন বেগম রহিমা ইসলাম কলেজের অধ্যক্ষ মোহাঃ জাহাঙ্গীর আলম।