
মোঃ তুহিন ফরাজী (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের দুই স্বজন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে থাকা পুলিশ সদস্য, মরদেহ ও স্বজনরা পানিতে পড়ে গেলেও পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নে আয়েশা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স ভোলার দিকে যাওয়ার পথে কেরামতগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সে থাকা পুলিশ সদস্য, মরদেহের স্বজন এবং মরদেহ পানিতে পড়ে যান। খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। আহত দুই স্বজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
নিহত আয়েশা বেগম লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নের সালাউদ্দিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
আয়েশা বেগমের বড় মেয়ে জানান, সকালে তাঁর মা গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত লিডার খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ ও স্বজনদের উদ্ধার করে। এ ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।